গ্র্যান্ড স্ল্যাম এককে ৩৯৯তম জয়; ইতিহাসের দ্বারপ্রান্তে জকোভিচ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

আরও একটি ইতিহাসের দ্বারপ্রান্তে নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফ্রানচেস্কো মায়েস্ট্রেলিকে সহজে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। তিনি ম্যাচ জিতে নিয়েছেন ৬-৩, ৬-২, ৬-২ সেটে। গ্র্যান্ড স্ল্যাম এককে এটি জকোভিচের ৩৯৯তম জয়।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে ৪০০তম জয়ের মাইলফলকে পৌঁছতে আর মাত্র একধাপ দূরে জকোভিচ। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো নিজের সার্ভিস গেম হারালেও এরপর আর কোনো পয়েন্ট নষ্ট করেননি ৩৮ বছর বয়সী এই তারকা। তৃতীয় সেটের ষষ্ঠ গেমে একটি ভুল ভলিতে সার্ভিস ভাঙলেও পরের গেমেই প্রতিপক্ষকে শূন্যে ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নেন জকোভিচ।

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৪১ নম্বরে থাকা মায়েস্ট্রেলির বিপক্ষে জকোভিচের আধিপত্য ছিল স্পষ্ট। পরের রাউন্ডে তিনি মুখোমুখি হবেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডে জান্ডসখুল্পের, যিনি শাং জুনচেংকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। মেলবোর্ন পার্কে ১১তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা এবং ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে খেলছেন জকোভিচ। এ লক্ষ্য পূরণ হলে তিনিই হবেন ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়।

ম্যাচ শেষে জকোভিচ জানান, মৌসুম শুরুর আগে তিনি বাড়তি সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন এবং বড় লক্ষ্য সামনে রেখে নিজের খেলায় সূক্ষ্ম পরিবর্তন এনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত