আবেগ সামলে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ ষোলোয় সাবালেঙ্কা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

আবেগের দোলাচলে থেকেও লড়াই চালিয়ে গেলেন আরিনা সাবালেঙ্কা। কঠিন এক ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এই বেলারুশ তারকা।

শুক্রবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে জয় পেতে সাবালেঙ্কার সময় লেগেছে ২ ঘণ্টা ২ মিনিট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি জিতেছেন ৭-৬ (৭-৪), ৭-৬ (৯-৭) সেটে। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পথে এগিয়ে থাকলেন চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবালেঙ্কা।

ম্যাচ শেষে নিজের মানসিক অবস্থার কথা খোলাখুলি স্বীকার করেন সাবালেঙ্কা। তিনি বলেন, “আমি প্রায় পুরো ম্যাচটাই চাপে ছিলাম। এমন দিন আসে, যখন শুধু লড়ে যেতে হয়, বলটা ওপারে ফেরানোর চেষ্টা করতে হয়। আবেগে আমি পুরোপুরি স্থির ছিলাম না, কিন্তু প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি। ম্যাচটা ভীষণ উপভোগ করেছি।”

জয় পেলেও সাবালেঙ্কার পারফরম্যান্স নিখুঁত ছিল না। ম্যাচে তিনি করেছেন ৪৪টি আনফোর্সড এরর, যেখানে পোটাপোভার ভুল ছিল মাত্র ২৫টি। সামনে আরও কঠিন ম্যাচের আগে এই জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে শীর্ষ বাছাইয়ের।

পোটাপোভা এর আগে কখনও অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি এবং কখনও বিশ্বসেরা খেলোয়াড়কে হারাননি। তবে সাবালেঙ্কার বিপক্ষে তিনি ছিলেন আত্মবিশ্বাসী ও নির্ভীক।

শেষ ষোলোতে সাবালেঙ্কার প্রতিপক্ষ দ্রুত উন্নতি করা কানাডার কিশোরী তারকা ভিক্টোরিয়া এমবোকো। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে এই ম্যাচে আরও ধারালো পারফরম্যান্স চাইবেন সাবালেঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত