বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নতুন লন্ডনি ইমাম বার বার বলেন দিল্লিও নয় পিন্ডিও নয় সবার আগে বাংলাদেশ, তখন সাধারণ মানুষ শোনে দিল্লিও নয় পিন্ডিও নয় সবার আগে লন্ডন। দেশের আসার পূর্বে দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড় ১ আসনের জোট মনোনীত প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফী প্রমুখ।
রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে আসা ইমাম কি একটা কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। পূর্বের ফ্যাসিবাদীকে দেখেছি দশ টাকার চাল খাওয়াবেন, নতুন লন্ডনি মুফতি আরেকটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশের জনগণ এসব কার্ড কার্ড খেলায় আর বিশ্বাস করে না। দেশের আসার পূর্বে দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
রাশেদ প্রধান বলেন, দশ দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান ৬ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে বয়স্ক মানুষকে বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা করব। রাশেদ প্রধান দশ দলীয় জোটের কাছে পঞ্চগড় জেলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করেন।
তিনি আরও বলেন, দশ দলীয় জোট ক্ষমতায় গেলে পঞ্চগড় জেলার চিনিকল আবার জেগে উঠবে। সুতরাং আপনাদের কাছে দাবি পঞ্চগড়ের দুই আসনে শাপলা কলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ডা. শফিকুর রহমানের চুল এবং দাঁড়ি সাদা দেখালেও তিনি আমাদের চেয়েও তরুণ।
জাগপার মুখপাত্র বলেন, আমাদের ঈমানি প্রথম দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ঈমানি দায়িত্ব শাপলা কলি ও দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। শফিকুর রহমান অন্যান্য নেতাদের মতো দেশের ধনী অঞ্চল থেকে শুরু করেন নাই। তিনি আমাদের দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকে শুরু করেছেন।
তিনি বলেন, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন, বেশি বেশি করও না দিল্লি গিয়ে পড়বা। সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে।
