গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন বাসা-বাড়ি, পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী মন্দির নির্মাণ করে প্রতিমা স্থাপন করা হয়। এ উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়।
পূজার শুরুতে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দেবীর কৃপা ও জ্ঞান লাভের আশায় শিক্ষার্থীরা অঞ্জলি প্রদান করেন।
এ সময় ছোট ছোট শিশুরা হাতে খড়ির মাধ্যমে তাদের শিক্ষা জীবনের সূচনা করে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
