আবু ধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আলোচনা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পর সংঘাত অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় নিরাপত্তা আলোচনা।  

এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন দূতের বৈঠক হয়। ক্রেমলিন এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ভূখণ্ডগত বিরোধের সমাধান না হলে টেকসই শান্তি সম্ভব নয়। 

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানান, আবু ধাবির আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নৌবাহিনীর অ্যাডমিরাল ইগর কস্তুকভ। একই সঙ্গে রুশ বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদাভাবে অর্থনৈতিক ইস্যুতে আলোচনা করবেন। উশাকভ বলেন, পুতিন কূটনৈতিক সমাধানে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন, তবে ভূখণ্ডগত প্রশ্নের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাশিয়া সামরিক অভিযান চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুনবাউম। ট্রাম্প উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেছেন, ব্যর্থ হলে তা বড় ভুল হবে ।

এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শীতের মধ্যে এসব হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। কিয়েভের দাবি, এসব হামলা শান্তি প্রতিষ্ঠায় মস্কোর অনাগ্রহের প্রমাণ, যদিও রাশিয়া তা অস্বীকার করেছে। আবু ধাবির এই আলোচনা ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে গভীর মতপার্থক্য দূর করে আলোচনার মাধ্যমে সমাধানের পথে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত