বিপিএল ফাইনালে তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন তানজিদ হাসান তামিম। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নামা রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছেছেন । ৬১ বল লেগেছে তার; চার মেরেছেন ৬টি, ছক্কা ৭টি। বিপিএলে এটি তানজিদ তামিমের তৃতীয় সেঞ্চুরি, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিপিএলে সর্বোচ্চ।
বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তামিম। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল (১৪৬*) ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তামিম ইকবাল (১৪১*) সেঞ্চুরি করেছিলেন।
তামিমের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭৪ রান করেছে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল মন্থর। পাওয়ার প্লেতে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম তোলেন মাত্র ৪০ রান।
সপ্তম ওভারে গিয়ে আড়মোড়া ভাঙেন তানজিদ। শেখ মেহেদি হাসানের ওভারে মারেন দুটি ছক্কা। ৯ ওভারে রাজশাহীকে ৭৬ রানে নিয়ে যান তামিম। ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মেরে ২৭ বলে তখন তার রান ৪৮। ২৯ বলে তুলে নেন ফিফটি।
উদ্বোধনী জুটি ভাঙে মুকিদুল ইসলাম মুগ্ধর করা ১১তম ওভারে। দলের ৮৪ রানের মাথায় আউট হন সাহিবজাদা ফারহান ৩০ বলে মাত্র ৩০ রান করে। এই মুগ্ধই পরের ওভারে ক্যাচ ছেড়ে দিলে বেচে যান তানজিদ তামিম। তখন তার রান ৫৪। এরপর আর পিছে ফিরে তাকাননি এই বাহাতি ওপেনার।
কেইন উইলিয়ামসনের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৭ এবং জিমি নিশামের সঙ্গে ৩৩ রান যোগ করেছেন রাজশাহীর স্কোরে। সেঞ্চুরি করার পরপরই ১৯তম ওভারে আউট হন তামিম। তাকে আউট করে এবারের বিপিএলে ২৫তম উইকেট নেন শরিফুল। পরে নাজমুল হোসেন শান্তকে আউট করে এক বিপিএল আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই বাহাতি পেসার। ছাড়িয়ে যান গত আসরে তাসকিন আহমেদের গড়া ২৫ উইকেটের কীর্তিকে।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়রস: ২০ ওভারে ১৭৪/৪ (তানজিদ ১০০, ফারহান ৩০, উইলিয়ামসন ২৪; মুকিদুল ২/২০, শরীফুল ২/৩০)।
