মাওলানা মামুনুল হক

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতন এবং জুলুম বাংলাদেশে গুম খুন হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের যাঁতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না। এদেশের পরিবর্তনকামী জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার ফ্যাসিবাদ তাসের ঘরে মতো লুটিয়ে পড়েছে। এই জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু পরিবর্তনকামী বাংলার মানুষ  তাদের সেই অপচেষ্টাকে রুখে দিতে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব অপতৎপরতা ভেস্তে যাবে ইনশাল্লাহ। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্বরূপকাঠি সরকারি পাইলট স্কুল মাঠে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জায়ামাতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমরা ইতিহাসের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে যে ঐক্য গড়েছি সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হল বাংলাদেশকে ভালোবাসা। চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছে সেই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া ষড়যন্ত্র শুরু হয়েছে। পরাজিত সকল শক্তি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কেউ কেউ গণভোটের বিপক্ষে সরাসরি অবস্থান নিচ্ছে। 

নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমীর তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী সহ জেলা ও উপজেলা জামায়াত জোটের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত