বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তাকে হুমকিতে ফেলবে যুক্তরাষ্ট্রের পদত্যাগ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস যুক্তরাষ্ট্রের এই সংস্থার সদস্যপদ ত্যাগের কারণগুলোকে 'ভুল' আখ্যা দিয়েছেন এবং সতর্ক করেছেন যে এই সিদ্ধান্ত বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও অরক্ষিত করে দেবে।
 
রবিবার সামাজিক মাধ্যমের পোস্টে গেব্রেয়েসুস বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তাকে দুর্বল করবে। তিনি আরও জানান, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও এর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডব্লিউএইচও সব সময় যুক্তরাষ্ট্রসহ সব সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের পূর্ণ সম্মান বজায় রেখে কাজ করে এসেছে। 

সংস্থা আরও জানিয়েছে, কোভিড-১৯ মহামারির মোকাবিলায় তাদের পদক্ষেপ সঠিক ছিল এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ যে তারা গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করতে ব্যর্থ হয়েছে বা রাজনৈতিকভাবে পক্ষপাতী ছিল, তা ভিত্তিহীন। ডব্লিউএইচও নিশ্চিত করেছে যে তারা সব ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য নিরপেক্ষভাবে কাজ করছে।
 
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ২২ জানুয়ারি ডব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে। এর মাধ্যমে তাদের ৭৮ বছরের সদস্যপদ ও অর্থায়ন স্থগিত হল। দীর্ঘদিন ধরে সংস্থার সমালোচক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও এর প্রাথমিক কোভিড-১৯ ব্যবস্থাপনার ত্রুটি, চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ওপর অনুচিত আর্থিক চাপ আরোপের অভিযোগ করেছিলেন।

ডব্লিউএইচও আশা করছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবার সংস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যমান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত