নিরাপত্তা ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করছে মেটা। শুক্রবার (২৩ জানুয়ারি) এক ব্লগ পোস্টে কোম্পানিটি জানায়, নতুন ও হালনাগাদ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কিশোররা এসব এআই চরিত্র ব্যবহার করতে পারবে না।
মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটি কার্যকর হবে। যেসব ব্যবহারকারী জন্মতারিখে নিজেকে কিশোর হিসেবে দেখিয়েছেন বা যাদের বয়স মেটার বয়স নির্ধারণ প্রযুক্তি অনুযায়ী কিশোর বলে শনাক্ত হয়েছে, সবার ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
এর আগে, গত অক্টোবরে অভিভাবকদের জন্য একটি নতুন নিয়ন্ত্রণব্যবস্থার কথা জানায় মেটা, যাতে তারা সন্তানদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করতে বা নির্দিষ্ট এআই চরিত্র ব্লক করতে পারবেন। কিশোরদের সঙ্গে কিছু চ্যাটবটের অপ্ররোচিত কথোপকথন নিয়ে সমালোচনার পর এ উদ্যোগ নেওয়া হয়।
এই অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারটি এখনো চালু হয়নি। মেটা জানিয়েছে, কিশোরদের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা চালুর সঙ্গে এটি যুক্ত করা হবে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও বয়স-উপযোগী সুরক্ষা নিশ্চিত করে কিশোররা মেটার এআই সহকারী ব্যবহার করতে পারবে। মেটা আরও জানায়, কিশোরদের জন্য তাদের এআই সেবা পিজি–১৩ রেটিং নীতির ভিত্তিতে পরিচালিত হবে, যাতে অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ ঠেকানো যায়।
