প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে শীর্ষস্থান আরও চাপে ফেলেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের ৮৭তম মিনিটে মাতেউস কুনহার জয়সূচক গোলে স্মরণীয় জয় তুলে নেয় ইউনাইটেড।
এই জয়ের ফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন ১২ পয়েন্ট হলেও অনিশ্চিত এই মৌসুমে শিরোপা দৌড়ে নিজেদের নাম আলোচনায় নিয়ে এসেছে মাইকেল ক্যারিকের দল।
২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে আট মিনিটের মধ্যেই মার্টিন জুবিমেন্ডির ভুল পাস কাজে লাগিয়ে ব্রায়ান এমবেউমো সমতা ফেরান।
বিরতির পর মাত্র পাঁচ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে ইউনাইটেডকে এগিয়ে দেন প্যাট্রিক ডরগু। শেষদিকে কর্নার থেকে মিকেল মেরিনো গোল করলে ম্যাচে ফেরে আর্সেনাল। কিন্তু উত্তেজনাকর এই লড়াইয়ে শেষ হাসি হাসেন বদলি হিসেবে নামা মাতেউস কুনহা।
অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো শীর্ষ দলকে হারালেন মাইকেল ক্যারিক। ২০১৭ সালের পর এই প্রথম এমিরেটস স্টেডিয়ামে জয় পেল ইউনাইটেড।
শুনতে কিছুটা হাস্যকর মনে হতে পারে, দুর্দান্ত জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে এসেছে চতুর্থ স্থানে। এখন শীর্ষের আর্সেনালের সংগে তাদের ব্যবধান ১২ পয়েন্ট। অন্য কোনো মৌসুম হলে এই পর্যায়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা কোনো দলের পক্ষে শিরোপা দৌড়ে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। তবে চলতি মৌসুমটি এতটাই অনিশ্চিত যে এখানে সবকিছুই সম্ভব। আর্সেনাল কিংবা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি—কেউই এই মুহূর্তে চ্যাম্পিয়নসুলভ ফুটবল খেলছে না। বরং গত আট দিনের মধ্যে এই দুই দলকেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচ শেষে তাই ইউনাইটেড সমর্থকরা গ্যালারিতে কোরাস গাচ্ছিলেন, 'আমরাই লিগ জিতব’।
