অ্যাকিলিস টেনডনের গুরুতর চোটে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার হুয়ান ফয়থ। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচে তিনি এই চোট পান। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
শনিবার রিয়াল মাদ্রিদের কাছে ২–০ গোলে হারের ম্যাচের ২৩তম মিনিটে ইনজুরিতে পড়েন ফয়থ। পরদিন রবিবার ভিয়ারিয়াল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষায় তার বাঁ পায়ের অ্যাকিলিস টেনডন ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ক্লাব এক বিবৃতিতে জানায়, সুস্থ হওয়ার জন্য ফয়থকে অস্ত্রোপচার টেবিলে যেতে হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। তাই ফয়থের বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক অতীতেও হাঁটু ও কাঁধের দীর্ঘমেয়াদি চোটে ভুগেছেন। তবে সম্প্রতি ভিয়ারিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। বিশ্বকাপের আগে ফয়থের এমন ইনজুরি আর্জেন্টিনা দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।
তীব্র গরমে বিপর্যস্ত অস্ট্রেলিয়ান ওপেন, হাঁসফাস করছেন টেনিস তারকারা
জুভেন্টাসের কাছে বিধ্বস্ত হয়ে কন্তে বললেন 'দল চরম সংকটে'