গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক মা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
