বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ চালু 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে এই পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে তারা জানান।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে নির্দিষ্ট অঙ্কের অর্থ বন্ড হিসেবে জমা দিতে হবে। ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে পরবর্তীতে সেই অর্থ ফেরত দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, ভিসা ইন্টারভিউ শেষে আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। এই সময় যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘pay.gov’ এর মাধ্যমে অর্থ জমা দিতে হবে। নির্ধারিত ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। সময়মতো অর্থ জমা না দিলে ভিসা প্রক্রিয়া বাতিল হতে পারে। বন্ড পরিশোধের পর সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা প্রদান করা হবে, যার মাধ্যমে একবারই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে বলে মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়।

প্রোগ্রামের আওতায় ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পোর্ট অব এন্ট্রি ব্যবহার করবেন। অন্য কোনো পোর্ট ব্যবহার করলে ভিসার শর্ত লঙ্ঘিত হতে পারে। ভ্রমণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা, ভিসার শর্ত মেনে চলা, কোনো ধরনের কাজ না করা এবং অনুমোদিত সময়সীমা অতিক্রম না করা বাধ্যতামূলক।

সব শর্ত পূরণ হলে বন্ডটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত