লিগ ওয়ানে রবিবার দারুণ এক রাত কাটাল লিওঁ। মেত্জের মাঠে ৫–২ গোলের জয়ে ম্যাচের নায়ক ছিলেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। মাত্র ১৯ বছর বয়সেই হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের ঝলক দেখালেন আলোচিত এই তরুণ। রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এই তরুণ লিওঁর হয়ে ৩ ম্যাচেই করেছেন ৪ গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট।
ম্যাচের ১১তম মিনিটে অধিনায়ক কোরেন্তাঁ তোলিসোর বাড়ানো ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফ্লিক করে প্রথম গোলটি করেন এনদ্রিক। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল—টাইলার মর্টনের পাস পেয়ে ডান দিক থেকে ভেতরে ঢুকে বল নিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় গোলরক্ষক জোনাথন ফিশারের নিচ দিয়ে বল জালে পাঠান। ৮৭তম মিনিটে পেনাল্টি আদায় করে স্পটকিক থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।
আরও গোল করতে পারতেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে পোস্টের কাছ থেকে করা একটি হেড এবং আরেকটি নিচু শট ঠেকিয়ে দেন ফিশার। লিওঁর অন্য দুটি গোল করেন ডিফেন্ডার রুবেন ক্লুইভার্ট—সাবেক ডাচ তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে—এবং মিডফিল্ডার টাইলার মর্টন। এই জয়ে লিগ তালিকায় চতুর্থ স্থান ধরে রাখে লিওঁ।
এদিকে লিগ ওয়ানের আরেক ম্যাচে নঁতের বিপক্ষে ৪–১ গোলের জয় পেয়েছে নিস। দুই গোল করেন ফরোয়ার্ড মোহাম্মদ-আলি চো। মৌসুমে এটি তার পঞ্চম গোল। নিসের হয়ে আরও গোল করেন সোফিয়ান দিয়োপ ও টম লুশে, আর নঁতের হয়ে সান্ত্বনার গোলটি আসে মিসরের স্ট্রাইকার মোস্তাফা মোহাম্মদের পা থেকে। নিসের কোচ ক্লদ পুয়েল দায়িত্ব নেওয়ার পর পাঁচ ম্যাচে মাত্র একবার হারলেন। টানা নয় ম্যাচের হারের পর এটা তাদের জন্য স্বস্তির খবর।
বাংলাদেশের সমর্থনে করা পোস্ট মুছলেন গিলেস্পি; জানালেন কারণ
দেশের ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করলেন তামিম