ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

'ওসমান হাদির মধ্যে চে গুয়েভারাকে দেখতে পাই'

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। অতি অল্প সময়ের জীবনে তিনি তার আদর্শকে মোটামুটি স্থাপন করতে পেরেছেন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। আমরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চাই। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স ম আলি রেজা বলেন, ওসমান হাদির কথা বলতে গেলে প্রথমেই স্মরণ হবে তিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্র। সাধারণত আমরা দেখি কারও মৃত্যুর পর তাকে নিয়ে বেশি আলোচনা হয়, স্মরণ করা হয়। আমিও তার ভিডিওগুলো দেখেছি৷ তার মধ্যে আমি চে গুয়েভারাকে দেখতে পাই, আমি এই প্রজন্মের মাওলানা ভাসানীকে দেখতে পাই, আমি নজরুলকে দেখতে পাই।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স ম আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ডাকসু’র নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল শিক্ষার্থী মনি মুক্তার নির্মিত ওসমান হাদির ওপর একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত