'বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না সিদ্ধান্ত শুক্র বা সোমবার,'- মহসিন নাকভি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্পাছে কিস্তান। আজ দুপুরে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জিও টিভি। 

যদিও মহসিন নাকভী বৈঠক শেষে এক টুইট বার্তায় এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তিনি জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো তাকে অবহিত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধানে এগিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবারের মধ্যে নেওয়া হবে।'

ধারণা করা হচ্ছে, পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে, তবে কলম্বোতে ভারতের সঙ্গে গ্রুপ ম্যাচটি বয়কট করবে। জিও টিভিকে একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে। আন্তর্জাতিক মহলে পাকিস্তান সক্রিয়ভাবে বাংলাদেশের পক্ষে বিষয়টি উপস্থাপন করেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে আইসিসির কাছে একটি চিঠির মাধ্যমে তাদের আপত্তি জানানো হবে।

পাকিস্তান মনে করে বাংলাদেশের সঙ্গে করা আচরণ ন্যায্য হয়নি এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানোই হবে আইসিসির কাছে পাঠানো চিঠির মূল বক্তব্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত