তিন কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আজ আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদন করা হয়নি।
গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভল্যুশনারী এলায়েন্সে সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। এতে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও মেহের আফরোজ শাওনকে আসামি করা হয়। এই মামলায় গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
