শ্রীলঙ্কায় ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি–বংশোদ্ভূত তামিমের কারাদন্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কার একটি আদালত ফিক্সিংয়ের দায়ে লঙ্কান প্রিমিয়ার লিগের দল (এলপিএল) ডাম্বুলা থান্ডারসের মালিক বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ তামিম রহমানকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলম্বো হাইকোর্ট। তবে এই সাজা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তাকে ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দেওয়া রায়ে আদালত জানান, ২০২৪ সালে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) একটি ম্যাচ ফিক্স করার উদ্দেশ্যে এক ক্রিকেটারকে প্রভাবিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে তামিম রহমানের বিরুদ্ধে। তামিম রহমান সে সময় এলপিএলের দল ‘দাম্বুল্লা থান্ডার্স’-এর মালিক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২২ মে শ্রীলঙ্কা ছাড়ার সময় কাটুনায়েকের বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামিম রহমানকে গ্রেপ্তার করে ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত ইউনিট। এরপর থেকেই তিনি বিচারিক প্রক্রিয়ার আওতায় ছিলেন।

গত বছরের নভেম্বরে ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। অভিযোগে বলা হয়, এলপিএল ২০২৪–এ অংশ নেওয়া এক ক্রিকেটারকে তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়াতে চেষ্টা করেছিলেন। ওই ক্রিকেটার বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়। উল্লেখ্য, শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতি রোধে এরই মধ্যে আলাদা একটি সংস্থাও গঠন করা হয়েছে।

আগের এক শুনানিতে তামিম রহমান দোষ স্বীকার করলেও পরে জামিন পেয়ে আদালতে হাজিরা না দেওয়ায় বিষয়টি আরও গুরুতর রূপ নেয়। শেষ পর্যন্ত চলতি শুনানিতে তিনি আবারও দোষ স্বীকার করলে কলম্বো হাই কোর্টের বিচারক উদেশ রণতুঙ্গা তার বিরুদ্ধে এই দণ্ড ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কালিঙ্গা ইন্দাতিস্সা আদালতে জানান, আসামি দ্রুত মামলার নিষ্পত্তিতে সম্মত হয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন।

এই রায়কে শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আদালতের এই অবস্থানের মাধ্যমে খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এই মামলায় আরও একজনের নাম উঠে এসেছে। পাকিস্তানি নাগরিক ও দাম্বুল্লা থান্ডার্সের টিম ম্যানেজার মুজিব উর রহমানও একই মামলার আসামি। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত