গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোড এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে ফের ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
