ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে চীনের ফুটবলে বড় ধরনের শুদ্ধি অভিযান চালিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে শীর্ষ স্তরের নয়টি ক্লাবের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
আজীবন নিষিদ্ধদের মধ্যে রয়েছেন চীনের জাতীয় দলের সাবেক কোচ ও সাবেক এভারটন খেলোয়াড় লি তিয়ে এবং চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি চেন শুয়ুয়ান।
সিএফএর এক কর্মকর্তা বলেন, “চেন শুয়ুয়ান ও লি তিয়েসহ ৭৩ জন ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে তাদের সবাইকে ফুটবল সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।”
২০২৪ সালে লি তিয়ে ও চেন শুয়ুয়ান দুজনই কোটি কোটি ডলার ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ থাকা লি তিয়েকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর চেন শুয়ুয়ানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ক্লাব পর্যায়েও কড়া শাস্তি এসেছে। চীনা সুপার লিগের নয়টি ক্লাবের পয়েন্ট কেটে নেওয়া ও আর্থিক জরিমানা করা হয়েছে। গত মৌসুমে রানার্সআপ হওয়া শাংহাই শেনহুয়া ও তিয়ানজিন জিনমেন টাইগার্স—দুই ক্লাবের ১০ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে এবং প্রত্যেককে ১০ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৪৪ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন শাংহাই পোর্ট ২০২৬ মৌসুম শুরু করবে ৫ পয়েন্ট কেটে নেওয়া অবস্থায়।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে আরও ৪৩ জন কর্মকর্তা ও খেলোয়াড়কে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
বড় অঙ্কের জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা থেকে বাঁচল সেনেগাল, কোচ থিয়াও নিষিদ্ধ
ভারত–পাকিস্তান–বাংলাদেশ বিরোধে শ্রীলঙ্কা 'নিরপেক্ষ'