হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সুন্নী জোট মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরীর মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কুটা বাজার এলাকায় মোমবাতি প্রতীকের পক্ষে মাইকিং প্রচারণা চলাকালে বিএনপি নেতা নজরুল ইসলাম প্রচারণা বন্ধ করে দেন। এ সময় তাহেরীর এক সমর্থকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুন্নী জোটের প্রার্থী আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী বলেন, “এটি স্পষ্টভাবে পেশী শক্তির বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। আগে বিচার, তারপর নির্বাচন—এই দাবিতে আমরা চুনারুঘাট থানায় যাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে মোমবাতি প্রতীকের প্রচারণা বন্ধ করতে এ ঘটনা ঘটিয়েছে।
