বয়স যেন রানী হামিদের কাছে কেবল একটি সংখ্যা। ৮২ বছর বয়সেও দাবার বোর্ডে তিনি সমানতালে লড়াই করে চলেছেন, সাফল্যও ধরা দিচ্ছে নিয়মিত। সদ্য শেষ হওয়া মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিতভাবে শিরোপা জিতে নিয়েছে— যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশের কিংবদন্তি এই দাবাড়ু।
লিগে আনসারের হয়ে খেলেছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ছাড়াও নুশরাত জাহান আলো, শারমীন সুলতানা শিরিন, জান্নাতুল ফেরদৌস, নীলাভা চৌধুরী এবং ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ বয়সে লিগ খেলা ও শিরোপা জয়ের অভিজ্ঞতা নিয়ে রানী হামিদ বলেন, ‘আমি চারটি ম্যাচ খেলেছি। দলের সবাই ভালো খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত মৌসুমে পুলিশের হয়ে খেলেও চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি নিয়মিত খেলি। শরীর আর মাথা ভালো থাকলে খেলতে কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারিতে আমার বয়স ৮৩ হবে। যত দিন সুস্থ থাকব, তত দিন খেলব।’
লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স-আপ হয়। ম্যাচ পয়েন্ট সমান থাকায় গেম পয়েন্টে শিরোপার নিষ্পত্তি হয়। আনসার ও ভিডিপি ২৪ গেম পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী ২২.৫ গেম পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। নৌবাহিনীর হয়ে খেলেছেন আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু এবং কাজী জারিন তাসনিম।
জ্যোতি-সোবহানার বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল জয়
বিশ্বকাপের আগমুহূর্তে মুম্বাইয়ে ভয়াবহ বায়ু দূষণ; খেলতে হলো মাস্ক পরে!