ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, এলাকার উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের পাশাপাশি নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারি মা-বোনসহ সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার নবম দিনে আজ শুক্রবার মিরপুরে পল্লবীর তালতলা, সাংবাদিক প্লট এলাকায় গণসংযোগ করেন আমিনুল হক। এ সময় তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
আমিনুল হক বলেন, আমি প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি, মা-বোনদের সাথে কথা বলছি। তাদের শুধু একটি কথাই বলছি—আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনাদের যে দলকে বা প্রার্থীকে ভালো লাগে, সেই মার্কায় ভোট দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করবেন।
প্রচারণাকালে আমিনুল হক বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার কথা ভোটারদের কাছে তুলে ধরেন। তিনি স্থানীয় মানুষের আবাসন সমস্যা সমাধানে পুনর্বাসনের জোরালো আশ্বাস দিয়ে বলেন, আমি এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রতিটি সাধারণ মানুষের সমস্যা আমি চিহ্নিত করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন এবং আমরা সরকার গঠন করতে পারি, তবে এই পরিকল্পনাগুলো অবশ্যই বাস্তবায়ন করব।
গণসংযোগকালে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক প্রতিদ্বন্দ্বী পক্ষ জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা ভোটারদের এনআইডি নম্বর সংগ্রহ করছে। অথচ ভোট প্রদানের সঙ্গে এনআইডি নম্বরের কোনও সরাসরি সম্পর্ক নেই।
তিনি শঙ্কা প্রকাশ করেন, সংগৃহীত এনআইডি নম্বর দিয়ে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এলাকার মুরুব্বি, তরুণ ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে নিজের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, মানুষের এই ভালোবাসার মাধ্যমেই আগামী ১২ তারিখ জনগণের রায় নিয়ে আমরা নির্বাচিত হব।
