ইশরাককে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদ প্রার্থী ফখরুল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন গণঅধিকার পরিষদের একই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

আজ শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা দিয়ে ইশরাক হোসেনকে সমর্থন জানান তিনি।

এ সময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানান।

ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।

তিনি ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত