কক্সবাজার টেকনাফের নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সীমান্তবর্তী এলাকাবাসী। শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার পর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কানজরপাড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেয়। এসময় তারা টেকনাফ সীমান্তে নিরাপদে বসবাসের দাবি তুলেন।
মানববন্ধনে উপস্থিত অধ্যাপক নুরুল আমিন বলেন, আমরা স্বাধীনদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমাদের নিরাপত্তা জরুরি। নাফ নদীতে সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠীর তাণ্ডব ও পাহাড়ে সশস্ত্র অপহরণকারী গোষ্ঠী সক্রিয়। স্থানীয়রা প্রতিনিয়ত অপহরণ হচ্ছে মুক্তিপণে ফেরত আসছে। কেউ মুখ খোলে কেউ খুলে না,এটাই বাস্তবতা।
তিনি বলেন, কিছুদিন আগে বাড়ির আঙ্গিনায় খেলার সময় মিয়ানমারের গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে এখনও হাসপাতালে। আজ আবার দুই স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এভাবে চলতে পারে না। সরকারের কাছে দ্রুত সীমান্ত জনপদের মানুষের জোর নিরাপত্তার দাবি জানান তিনি।
এ সময় বিএনপি নেতা ওসমান গনি বলেন, সীমান্তের মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে। নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে আহতদের সরকারকে সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সীমান্তের বিষয়ে সরকার সিদ্ধান্ত না নিলে কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে স্থানীয় জামায়াত নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে প্রতিবাদ জানান।
