মিয়া গোলাম পরওয়ার

নেতাকর্মীর ওপর হামলার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুরে জামায়াতের এক নেতাকে প্রকাশ্য নির্বাচনী প্রচারণার সময় নৃশংসভাবে হামলা করে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হত্যাকাণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘটিত প্রথম বড় সহিংস ঘটনা। তিনি বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত সংসদ পদপ্রার্থী মো. মহসীরের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, কোনো দলের নেতাকর্মীর ওপর হামলার পুনরাবৃত্তি হলে তার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।

তিনি আরও দাবি করেন, অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন ও সরকারকে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুল সাত্তার, জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক দেওয়ান মো. নকিব হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জকসুর (ভিপি) রিয়াজুল ইসলাম, জকসুর এজিএস মাসুদ রানাসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয়। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে যোগ দেন। জনসভায় বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত