নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুক ও মাদক কেনার টাকার দাবিতে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গৃহবধূ শেফালীকে শিকলে বেঁধে রাতভর মারধর করা হয়। গত বুধবার মধ্যরাতে রূপগঞ্জ উপজেলার বাইরার টেক এলাকার একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত স্বামী শৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার গৃহবধূ শেফালীর অভিযোগ, সংসার জীবনে বিয়ের পর থেকেই নানাভাবে করে আসছে স্বামী সৈকত। বেশ কিছুদিন ধরেই যৌতুক ও ইয়াবা কেনার টাকার দাবিতে তার স্বামী শৈকত দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
গত বুধবার মধ্যরাতে শেফালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এরপর ইট দিয়ে আঘাত করে তার শরীর থেঁতলে দেওয়া হয়। এতে তার হাত-পা ফেটে যায়, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্বরে আক্রান্ত হন।
ভুক্তভোগীর পরিবার জানায়, শেফালীর স্বামী শৈকত দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত শৈকতের নির্যাতনের শিকার হয়ে শেফালী কার্যত বন্দিজীবন কাটাচ্ছিলেন।
মাদকাসক্তি আর যৌতুকের দাবিতে নারীর ওপর এমন নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী শৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
