মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার ও এক সহযোগীসহ বুলেট গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
আজ শনিবার ভোরে জেলার লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামে অভিযান চালিয়ে বুলেট গ্রুপের প্রধান নুরুল আমিন বুলেট (৩৭) ও তার সহযোগী সুকুমার হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করে।
এসময় বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেপ্তারকৃত নুরুল আমিন বুলেট শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা নজরধারীর ভিত্তিতে ভোর ৪ টার দিকে যশলদিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ওই গ্রামের একটি টিনের বসতঘরে তল্লাসি চালিয়ে ঘরের আড়ায় ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ২ টি দেশিয় ধারালো অস্ত্র, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম ও ১৪ পিস ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়া ৮ টি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা জব্দ করেন। এ ঘটনায় বুলেট গ্রুপের প্রধান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেনাবাহিনী গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধার করা পিস্তল,গুলি ও মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
