খুলনায় আসছেন তারেক রহমান, আনন্দে ভাসছে নেতাকর্মীরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

দীর্ঘ ২২ পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তার আগমনকে ঘিরে খুলনা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। নেতাদের জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মাঝে আস্থা অর্জনে মাইলফলক হবে এই জনসমাবেশ।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত হয় এই সিদ্ধান্ত।

দলীয় সূত্র জানায়, খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি টার্গেট নিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। খুলনা মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আসবে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে চলছে একের পর এক প্রস্ততি সভা। ইতোমধ্যে নগরী ও জেলায় প্রচার মাইকিং শুরু করেছে।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়-এটি আমাদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া আমাদের কাছে আবেগের, গর্বের এবং সম্মানের।

তিনি আরও বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই সফর বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে এই জনসমাবেশ হবে মাইলফলক। উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে সর্বশেষ খুলনায় এসেছিলেন তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত