টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না, তাই বলে ক্রিকেটারদের বসিয়ে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে খেলা না হওয়ায় ট্যাঁকেও টান পড়বে না ক্রিকেটারদের। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে ৩টা দল করে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি, যে টুর্নামেন্টের ম্যাচ ফি ও প্রাইজ মানি মিলিয়ে মোট মূল্যমান আড়াই কোটি টাকা।
চূড়ান্ত করা হয়েছে অংশগ্রহণকারী ৩ দলের নাম, অধিনায়ক ও কোচও। ধূমকেতুর অধিনায়ক লিটন দাস, কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দূর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ মিজানুর রহমান বাবুল আর সহকারী কোচ তুষার ইমরান। দূরন্ত দলের অধিনায়ক আকবর আলী, কোচ হান্নান সরকার আর সহকারী কোচ রাজিন সালেহ। এই টুর্নামেন্টেই বিসিবি রাখতে যাচ্ছে আইপিএলের আদলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যার মাধ্যমে ম্যাচের মাঝপথেই একজন খেলোয়াড়ের বদলে আরেকজনকে নামাতে পারবে দুই দলই।
সবগুলো ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়, তবে তার আগে বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাচগুলো হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ৯ ফেব্রুয়ারি। মাঠে প্রবেশের টিকিট মূল্যঃ পূর্ব গ্যলারি ১০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২০০, ক্লাব হাউস ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা করে।
