৯০০ কোটি ডলারের মার্কিন ক্ষেপণাস্ত্র কিনবে সৌদি আরব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির জন্য প্রায় ৯ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের এই চুক্তিতে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে লকহিড মার্টিন করপোরেশন। এ সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি ইতোমধ্যে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সৌদি সরকারের ৭৩০টি ক্ষেপণাস্ত্র কেনার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতেও কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

চুক্তির আওতায় বিদ্যমান প্যাট্রিয়ট লঞ্চারগুলোকে আধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী করতে প্রয়োজনীয় কিট সরবরাহ করা হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও সিস্টেমের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য স্বয়ংক্রিয় লজিস্টিকস ব্যবস্থা, সংশ্লিষ্ট সরঞ্জাম ও সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া পরীক্ষামূলক ও প্রশিক্ষণ কার্যক্রমে ক্ষেপণাস্ত্রের উড্ডয়নসংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য টেলিমেট্রি সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ ও মেরামতের যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ কর্মসূচি এবং কারিগরি সহায়তাও এই চুক্তির অংশ হিসেবে থাকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত