এপস্টেইনের নথিতে মোদির নাম!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নতুন প্রকাশিত নথি ও ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৩০ লাখের বেশি পৃষ্ঠা, হাজার হাজার ভিডিও ও দেড় লাখেরও বেশি ছবিযুক্ত এই নথিতে মোদির পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নামও এসেছে, যার মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক ও বিল গেটস।

ভারতের কেন্দ্রীয় সরকার শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) এই ইমেলগুলো খণ্ডন করে জানিয়েছে, মোদির ২০১৭ সালের ইসরায়েল সফরে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'জুলাই ২০১৭-এর সরকারী সফরের তথ্য সত্য, তবে বাকি সব কিছু এক দণ্ডিত অপরাধীর বাজে কল্পনা, যা সর্বোচ্চ তাচ্ছিল্য দিয়ে উপেক্ষা করা উচিত।' 

নথিতে মোদির নামের পাশাপাশি এপস্টেইন দাবি করেছেন, ২৫ ও ২৬ জুন ২০১৭-এ মোদি-ট্রাম্প বৈঠক এবং পরে ৪ থেকে ৬ জুলাই ২০১৭-এর ইসরায়েল সফরের মধ্যে সম্পর্ক ছিল, এবং সফরটি সফল হয়েছিল মোদি ট্রাম্পের পরামর্শ অনুসরণ করার কারণে। এছাড়া তিনি রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানের সঙ্গে বৈঠক আয়োজন এবং ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানীর সঙ্গে যোগাযোগের কথাও উল্লেখ করেছেন।

তবে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক  হিসেবে উল্লেখ করেছে। কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক মাধ্যমে দাবি করেছেন,'নথিতে লেখা আছে প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টের পরামর্শে ইসরাইলে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন'। কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশও স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন।

নথির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০১৪ সালের নভেম্বরে পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপপুরীর এপস্টেইনকে লেখা ইমেইল, যেখানে মোদির নির্বাচনের পর ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কারণগুলো বিস্তারিত উল্লেখ ছিল। মন্ত্রী এই ইমেইল প্রেরণ করেছেন কি না তা অস্বীকার করেননি, তবে মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই এ ব্যপারে মন্তব্য করেননি।
 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত