চীনে মিয়ানমার মাফিয়ার চার সদস্যের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

মিয়ানমারে পরিচালিত বৃহৎ অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কুখ্যাত বাই পরিবারের আরও চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। তারা গুয়াংদং প্রদেশের একটি আদালতে প্রতারণা ও হত্যাকাণ্ডের অপরাধে দোষী সাব্যস্ত হন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। 

গত বছরের নভেম্বরে বাই পরিবারের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাদের মধ্যে পরিবারের প্রধান বাই সুওচেংও ছিলেন। তবে দণ্ডাদেশের পর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সর্বশেষ এই মৃত্যুদণ্ড কার্যকরের আগে গত সপ্তাহে চীন মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়, যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্ক্যাম সেন্টারগুলোর সঙ্গে জড়িত আরেকটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।

বছরের পর বছর ধরে বাই ও মিং পরিবার মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাউক্কাইংয়ে আধিপত্য বিস্তার করে রাখে। সেখানে তারা ক্যাসিনো, যৌনপল্লি ও সাইবার প্রতারণা কেন্দ্র পরিচালনা করত। কর্তৃপক্ষ জানায়, শুধু বাই পরিবারই ৪১টি কম্পাউন্ডে এসব কার্যক্রম চালাত, যেখানে নির্যাতন, সহিংসতা ও জোরপূর্বক শ্রম ছিল নিত্যদিনের ঘটনা। এসব অপরাধে একাধিক চীনা নাগরিক নিহত ও আহত হন।

২০২৩ সালে চীন মিয়ানমারের সামরিক সরকারের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে এবং ওই এলাকায় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযানে পরোক্ষ সমর্থন দিলে এসব অপরাধী চক্রের পতন ঘটে। পরে আটক ব্যক্তিদের চীনের কাছে হস্তান্তর করা হয় এবং সেগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে অনলাইন প্রতারণা চক্রগুলোর বিরুদ্ধে কঠোর বার্তা দিতে চাচ্ছে বেইজিং—যেসব চক্র শত সহস্র মানুষকে পাচার করেছে এবং প্রধানত চীনা ভুক্তভোগীদের কাছ থেকে বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত