আগামীর বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হলো একটি আধুনিক, মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। আগামীর বাংলাদেশ হবে তরুণদের, যারা সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্ঞান ও প্রযুক্তিতে নেতৃত্ব দেবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেকুয়াসহ অত্র এলাকার উন্নয়নের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৪ সালে তিনি যখন এখানে টেকনিক্যাল কলেজ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও স্টেডিয়াম প্রতিষ্ঠা করেছিলেন, তখন স্বপ্ন ছিল এই উপকূলীয় এলাকা একদিন উন্নত শহরে পরিণত হবে। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তিনি উল্লেখ করেন, পেকুয়া বালিকা বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পাওয়ার খবরই তার জীবনের বড় সার্থকতা।

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, তারা এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চান যা কেবল শিক্ষিত বেকার তৈরি করবে না, বরং কর্মমুখী হাত তৈরি করবে। তাদের পরিকল্পনায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একটি বিদেশি ভাষা বাধ্যতামূলক করা, কারিগরি প্রশিক্ষণ এবং ক্রীড়া-সংস্কৃতি চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শেষ করেই যেন দেশে-বিদেশে কর্মসংস্থান খুঁজে নিতে পারে, সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নারী অধিকার নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নারীদের অবমাননা করে এবং তাদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে চায়, তারা মূলত মধ্যযুগীয় ভাবনায় বিশ্বাসী। তিনি মনে করিয়ে দেন যে, বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা ও স্টাইপেন্ড প্রথা চালু করে এ দেশে নারী জাগরণের সূচনা করেছিলেন। বিএনপি নারী সমাজকে ক্ষমতায়ন ও মর্যাদাবান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময় ও ‘গুম’ হওয়া প্রসঙ্গে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি আজ জীবিত। তিনি ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ ওয়াসিম আকরাম বা আনাসদের মতো সন্তানদের আত্মত্যাগ আমাদের উত্তরাধিকার। রাষ্ট্রকাঠামোর এমন সংস্কার প্রয়োজন যাতে ভবিষ্যতে আর কাউকে ভোটাধিকার বা গণতন্ত্রের জন্য রাজপথে রক্ত দিতে না হয়।

পরিশেষে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভাগ্য পরিবর্তনের লড়াই হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের জাতীয় পতাকা এখন তরুণ প্রজন্মের হাতে উল্লেখ করে তিনি তাদের আগামীর উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে তিনি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত