মেসিকে ফেরাতে আর্জেন্টিনার ক্লাবের মহা পরিকল্পনা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। আগামী বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা প্রবল। এর মাঝেই আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় রচনার স্বপ্ন দেখছে নিউয়েলস ওল্ড বয়েজ। আগামী বছর তারা মেসিকে দলে পেতে চায়। এই লক্ষ্যে ক্লাবটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করছে। উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে থাকলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভিত্তি গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

নিউয়েলসের প্রথম সহসভাপতি হুয়ান ম্যানুয়েল মেদিনা জানান, এই প্রকল্পে শুধু ক্লাব নয়, রোসারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবলের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। তার ভাষায়, ‘এটি শুধু নিউয়েলসের প্রকল্প নয়; এটি রোসারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবলের জন্য একটি বড় উদ্যোগ। ২০২৭ সালের প্রথমার্ধে লিওকে নিউয়েলসের হয়ে খেলানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তবে এখনো এটি কেবল একটি অভিপ্রায়মাত্র।’

মেদিনা জানান, পরিকল্পনার সফলতা নির্ভর করছে অবকাঠামো উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক দল গঠনের ওপর। মেসির ক্যারিয়ারের শেষ পর্যায়ে তাকে আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা ও শক্তিশালী দল তৈরি করাই নিউয়েলসের প্রধান লক্ষ্য। বর্তমানে নিউয়েলস দলটির মাঠের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। অ্যাপার্তুরা টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে দলটি।

ক্লাব কর্তৃপক্ষ চায় না, মেসিকে আনার প্রকল্পকে দলের দুর্বল পারফরম্যান্স থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে দেখা হোক। আসলে মেসিকে আনার পরিকল্পনার শুরু ২০২৪ সালে। সে বছর ইউএনইএন নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ওই দলের নেতা ইগনাসিও বোয়েরো ২০২৫ সালের ডিসেম্বরে নিউয়েলস ক্লাবের সভাপতি হন। তখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ক্লাবটি মেসিকে ফেরানোর চিন্তা শুরু করে।

ইগনাসিও বোয়েরো নিজেও প্রকাশ্যে মেসিকে নিউয়েলসে আনার স্বপ্নের কথা বলেছেন, ‘সমর্থক হিসেবে এটি আমাদের স্বপ্ন। তবে তাকে আনতে হলে প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে হবে। তাকে আনতে আমরা সবকিছু করব, অসম্ভব কিছু হলেও করব।’

মেসির সঙ্গে প্রাথমিক পর্যায়ে তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মেদিনা। বর্তমানে মেসির ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে ২০২৮ সালের এমএলএস মৌসুম পর্যন্ত। নিউয়েলসের প্রতি মেসির আবেগ এবং শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসা থাকলেও, আপাতত তার প্রধান লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিগত দায়িত্ব পালন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত