নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামানের বিরুদ্ধে।
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে পাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে লিফলেট হাতে স্লোগান দিচ্ছেন অধ্যাপক ড. কামরুজ্জামান।
এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও পাবনার নাগরিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি বেতনভুক্ত একজন শিক্ষক হয়ে এভাবে সরাসরি রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়াকে সংশ্লিষ্টরা ‘পেশাগত অসদাচরণ’ ও ‘নির্বাচনী আইন লঙ্ঘন’ হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের চাকরির শর্তাবলীর ধারা অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা ভোগ করবেন। তবে তিনি সেই মতামত প্রকাশ বা প্রচার করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না।
এ বিষয়ে অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, আচরণবিধি সম্পর্কে আমার বিষয়টা সেভাবে জানা ছিল না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, শিক্ষকদের বিষয়টা তো অনেক কিছু বিবেচনায় নিতে হয়। এ বিষয়টা এখনও আমার নজরে আসেনি এবং কেউ এখন পর্যন্ত অভিযোগও দেয়নি। অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
