পাবনা ৫ আসন

সার্বিক উন্নয়ন-সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শিমুল বিশ্বাসের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সহ পাবনার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পাবনা নাগরিক কমিটির আয়োজনে নাগরিক সুধী সমাবেশ ও আলোচনা সভায় নাগরিকদের দাবির প্রেক্ষিতে এ প্রতিশ্রুতি দেন তিনি।

তার এই বক্তব্যে পাবনায় কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়িক প্রসারতা, শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগ আনার দাবি করে বক্তারা বলেন, পর্যাপ্ত সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও পুরনো এই জেলাতে তেমন কল কারখানা বা শিল্প প্রতিষ্ঠান নেই। ফলে জেলাতে যেকোনো ধরনের চাকরি বা কাজের সুযোগ নেই। একটিমাত্র ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবার মান নাজুক। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। এসব সংকট মেটানোর জোরালো দাবি তোলেন বক্তারা।

শিমুল বিশ্বাস বলেন, পাবনার নাগরিক সুধী সমাজ আমার ওপর যেভাবে আস্থা রেখেছেন আমি অভিভূত। নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ যদি আমাকে পাবনাবাসীর ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেন,এই আস্থাকে পবিত্র দায়িত্ব মেনে সামাজিক ন্যায়বিচার, সুশাসন নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও নিরাপদ আধুনিক পাবনা গড়ার শপথে কাজ করবো।

সভায় আরও বক্তব্য রাখেন পাবনা নাগরিক কমিটির কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, খতিব আব্দুল জাহিদ মুকুল, বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহাতাব আলী বিশ্বাস,গোলাম রব্বানী কামনা, শ্যামলী পরিবহনের স্বত্ত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ, সোহানী হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইউসুফ আরফান বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের সুধী নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত