অন্যায়কে ‘পাবলিক রেকর্ডে’ আনাই লড়াইয়ের মূল কৌশল: তাসনিম জারা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সব সময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং অন্যায়কে জনসম্মুখে তুলে ধরে তার রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়াই হবে তাঁর লড়াইয়ের প্রধান পথ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতাদের দাপট থামানো সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাব দিতেই তিনি এই বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় প্রকাশ্য এক্সপোজারকে। কোনো অন্যায়ের ঘটনা যদি নিখুঁতভাবে নথিভুক্ত করে জনসমক্ষে আনা যায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়ানোর জন্য তাঁর কাছে দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে। প্রথমত, প্রমাণ বা এভিডেন্স কীভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়—সে বিষয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তাঁর রয়েছে।

তাসনিম জারা আরও লেখেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যেতে পারে, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি হয়, তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। তাঁর ভাষায়, দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও এই চাপ উপেক্ষা করতে পারেনি।

এই কৌশলকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাওয়ার কথা জানান ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত