বিশ্বকাপ শুরুর আগের দিন শিরোপা জিতল ভারত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার। তার একদিন আগে আরেকটি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। হারারেতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো ট্রফি জিতেছে ভারত অনূর্ধ্ব–১৯ দল।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত করে ৯ উইকেটে ৪১১ রান। দলের হয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন ১৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। অন্য প্রান্তে আয়ুষ মাত্রে করেন ৫৩ রান।

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়েই ২৬ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২৫১ রান। পরে মাঝের ওভারে কয়েকটি উইকেট পড়লেও শেষ দিকে অভিগ্যান কুন্ডু ও কানিশ্ক চৌহানের দ্রুত রানে ভারত ৪০০ ছাড়িয়ে যায়।

৪১২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভালো শুরু করলেও চাপ সামলাতে পারেনি। ওপেনার বেন ডকিন্স ফিফটি করেন। পরে থমাস রিউ ও বেন মেইস ছোট ছোট ইনিংস খেলেন। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড।

নিচের দিকে ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত ইংল্যান্ড গুটিয়ে যায় ৩১১ রানে।

এর মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। বিশ্ব ক্রিকেটের আরেকটি বড় আসর শুরুর ঠিক আগের দিন এই জয়ে ভারতের ক্রিকেটে যোগ হলো নতুন সাফল্যের গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত