সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা একটি বর্ণবাদী ক্লিপ সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি মুছে ফেলা হয়।
ভিডিওটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশিত এক মিনিটের একটি পোস্টের শেষে যুক্ত ছিল, যেখানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির প্রমাণহীন দাবি তুলে ধরা হয়। 'দ্য লায়ন স্লিপস টুনাইট' গানের তালে তৈরি ওই অংশটি বর্ণবাদী উপস্থাপনার জন্য তীব্র নিন্দার মুখে পড়ে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি নিজে কোনও ভুল করেননি। ভিডিওটি পোস্ট করার আগে তিনি পুরোটা দেখেননি এবং এটি একজন স্টাফ সদস্য শেয়ার করেছিলেন। তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নির্বাচনী জালিয়াতি সংক্রান্ত বার্তাকে তিনি সমর্থন করলেও আপত্তিকর দৃশ্য সম্পর্কে তিনি জানতেন না। হোয়াইট হাউস পরে জানায়, ভুলবশত একজন কর্মী ভিডিওটি পোস্ট করেছিলেন এবং বিষয়টি জানার পরপরই তা সরিয়ে নেওয়া হয়।
তার নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও সমালোচনা আসে। সিনেটর টিম স্কটসহ কয়েকজন রিপাবলিকান নেতা ভিডিওটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে তা অপসারণের আহ্বান জানান। অন্য রিপাবলিকান আইনপ্রণেতারাও বলেন, ভিডিওটি অনিচ্ছাকৃত হলেও তা আপত্তিকর এবং প্রকাশ করা উচিত হয়নি।
ডেমোক্র্যাট নেতা ও নাগরিক অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল (এনএএসিপি) ভিডিওটিকে 'ঘৃণ্য ও নিন্দনীয়' বলে আখ্যা দেয়। ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ উসকে দেওয়ার অভিযোগ তোলেন।
ধারণা করা হচ্ছে, ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়া একটি রক্ষণশীল মিম থেকে নেওয়া, যেখানে আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতাকে প্রাণীর রূপে দেখানো হয়েছে। এ ঘটনায় ওবামা দম্পতি এখনও কোনো মন্তব্য করেননি।
এই ঘটনায় ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে, পাশাপাশি বারাক ওবামাকে ঘিরে তার অতীতের বিতর্কিত ও ভিত্তিহীন অভিযোগগুলোর কথাও নতুন করে সামনে এসেছে।
