রাজধানীর ধানমন্ডিতে সাত বছর আগে গৃহকর্ত্রীসহ দুই জনকে হত্যা মামলার রায় জানা যাবে আগামীকাল রবিবার। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করবেন। এ মামলায় বাদী পক্ষের আইনজীবী আবদুল আজিজ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বর ধানমন্ডিতে নিজ বাসায় সমাজ সেবক আফরোজা বেগম এবং অপর গৃহকর্মী বিথীকে গলাকেটে হত্যা করে গৃহকর্মী আতিকুল হক ও সুরভি। আসামিরা হত্যাকাণ্ডের পর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবা ধানমন্ডি থানায় মামলা করেন। আসামি সুরভী গ্রেপ্তার হওয়ার পর দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। ২০২২ সালে ১ ফ্রেবুয়ারি মামলার তদন্ত কমকর্তা আতিকুল ও সুরভীকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত একই বছরের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
বিচারকালে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্কের শুনানি শেষে মামলার রায়ের তারিখ ধার্য করা হয়।
