রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামীতে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, এই জোটে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এনসিপির মতো শক্তি রয়েছে। তার দাবি, জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজিতে জড়িয়েছে, দেশের মানুষ তা জানে। তাই তারা জনগণের সমর্থন পাবে না। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে চাঁদাবাজির কোনও সুযোগ থাকবে না।
নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ অতীতের পথে চলবে, নাকি ভবিষ্যতের দিকে এগোবে। একটি রাজনৈতিক দল শুরুতে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে না থাকলেও পরে জনচাপের মুখে অবস্থান পরিবর্তন করেছে।
তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচনে চৌদ্দগ্রামে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ড. মাওলানা আবুল কালাম বাশার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাওলানা মাহফুজুর রহমান এবং সেক্রেটারি বেলাল হোসাইন। সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।