ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন

অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই বলেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ফ্যাসিবাদসহ একটি গোষ্ঠী নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা চাইলে অভিযোগ করতে পারি, কিন্তু তা করছি না। কারণ অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়া মোড়ে গণসংযোগে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনস্রোত এখন নির্বাচনমুখী। জনগণ আগামী ১২ তারিখ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তারা তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে এই এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার সুযোগ দিতে চায়। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে এই জনস্রোতকে ঠেকাতে পারবে না।

অতীতের উদাহরণ টেনে এস এম জাহাঙ্গীর বলেন, অতীতে রাষ্ট্রীয় সব শক্তি একটি পক্ষের অনুকূলে থাকলেও জনস্রোতের কাছে তারা টিকতে পারেনি। আগামী ১২ তারিখ যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের ঐক্যের সামনে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-১৮ আসনে প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা বজায় রয়েছে। সবাই যার যার অবস্থান থেকে জনগণের কাছে যাচ্ছে, ভোট চাইছে। এই সহাবস্থান শুধু নির্বাচনের সময়ের জন্য নয়, আগামীতেও আমরা এই ধারা বজায় রাখতে চাই। সমাজকে পরিবর্তন ও উন্নতির শিখরে পৌঁছাতে হলে সহাবস্থানের কোনো বিকল্প নেই।

সাম্প্রতিক সময়ে খিলক্ষেতে এনসিপির এক প্রার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম এবং পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ ও দায়িত্বশীল দল। আমরা কোনো অপরাধকে কখনো প্রশ্রয় দেই না।

পরাজয়ের আশঙ্কায় একটি মহল বারবার অভিযোগ তুলছে জানিয়ে তিনি বলেন, আমরা নালিশ কিংবা মিথ্যা অভিযোগের রাজনীতিতে বিশ্বাসী নই। আগামী ১২ তারিখ তারা নির্বাচনে হেরে যাবে বলেই বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। ফেক অভিযোগ করে কোনো লাভ হবে না।

নির্বাচন ব্যবস্থাপনা প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন উইংস, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আমাদের দলের কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত