খুলনার খানজাহান আলী থানা এলাকায় সৈয়দ আলম নবী নামের এক বালু ব্যবসায়ীকে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
আহত সৈয়দ আলম নবী (৩৮) মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।
স্থানীয়রা জানায়, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। রাত ১টার দিকে তিনি ব্যবসায়ীক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন সৈয়দ নবী। পথে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার পিঠে, কাঁধ ও কানে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আহত বালু ব্যবসায়ী এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ সৈয়দ আলম নবীর বিরুদ্ধে থানায় মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। ঘটনাটি তদন্তে কয়েকটি দিক নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। দুজনকে আটক করা হয়েছে কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।
