শেষ মুহূর্তের নাটকে হালান্ডের গোলে লিভারপুলকে হারাল ম্যান সিটি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম

প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে নাটকীয় প্রত্যাবর্তনে লিভারপুলকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার ম্যাচের শেষ দিকের দুই গোলেই ম্যাচ ঘুরিয়ে নেয় পেপ গার্দিওলার দল।

‎৭৪ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে লিভারপুলকে এগিয়ে দেন ডোমিনিক সোবোস্লাই। ওই গোলেই জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল স্বাগতিকদের। কিন্তু ৮৪ মিনিটে বার্নার্দো সিলভার গোল ম্যাচে সমতা ফেরায়।

‎এরপর যোগ করা সময়ে বড় নাটক। বক্সের ভেতরে মাতেউস নুনেসকে ফাউল করে পেনাল্টি হজম করে লিভারপুল। ৯০ মিনিটের সঙ্গে যোগ করা তৃতীয় মিনিটে স্পট-কিক থেকে গোল করে ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন আর্লিং হলান্ড।

‎তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে একেবারে শেষ দিকে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে রায়ান চেরকি গোল করলেও ভিএআরের পর সেটি বাতিল করা হয়। রিভিউতে দেখা যায়, এর আগে পেনাল্টি বক্সে হলান্ডের ওপর ফাউল করেছিলেন সোবোস্লাই।

‎এই ঘটনার জেরে সোবোস্লাইকে লাল কার্ড দেখানো হয় এবং লিভারপুলের বিপক্ষে পরোক্ষ ফ্রি-কিক দেওয়া হয়। পুরো পরিস্থিতি ঘিরে মাঠে ও গ্যালারিতে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।

‎এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে ছয় পয়েন্টে নামাল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে আর্নে স্লটের লিভারপুল পঞ্চম স্থানে থাকা চেলসির থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকল, ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিয়ে তাদের শঙ্কা বাড়ল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত