‎এমবাপ্পেকে বর্ণনা করার বিশেষণ ফুরিয়ে আসছে রিয়াল কোচের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২–০ গোলে হারিয়ে টানা সপ্তম ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। রবিবারের এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়েই রইল আলভারো আরবেলোয়ার দল।

‎ম্যাচের ৬৫ মিনিটে ক্লাবের হয়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন আলভারো কারেরাস। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এটি ছিল টানা ছয় ম্যাচে এমবাপ্পের নবম গোল।

‎ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘কিলিয়ানকে বর্ণনা করার মতো বিশেষণই যেন আমাদের ফুরিয়ে আসছে।’

‎এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র (হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা) ও জুড বেলিংহ্যাম (হ্যামস্ট্রিং ইনজুরি) ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ।

‎আরবেলোয়া আরও বলেন, 'আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। কোর্তোয়াকে কোনো সেভই করতে হয়নি। খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল খুবই শক্ত ও গোছানো।’

‎লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বশেষ হার ছিল গত ডিসেম্বরে, ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে।

 

‎রিয়াল মাদ্রিদে উজ্জ্বল ব্রাহিম দিয়াজ

‎দারুণ ছন্দে আছেন মরক্কোর আন্তর্জাতিক ফুটবলার ব্রাহিম দিয়াজ। আফ্রিকা কাপ থেকে ফিরে এবং কোচ আলভারো আরবেলোয়ার অধীনে নতুন অধ্যায়ে প্রবেশ করার পর টানা দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে নিজের প্রভাব আরও স্পষ্ট করলেন তিনি।

‎সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে চারটি ম্যাচে মোট ১১৮ মিনিট খেলেছেন দিয়াজ। ভিয়ারিয়ালের বিপক্ষে ১১ মিনিট, চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ১২ মিনিট, রায়ো ভায়েকানোর বিপক্ষে ৮১ মিনিট এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি। আগের সময়ের তুলনায় দলে তার অবস্থান যে শক্ত হচ্ছে, সেটিই ফুটে উঠছে এই পরিসংখ্যানে।

‎আক্রমণভাগের মিডফিল্ডার ও বাঁ প্রান্ত—দুই ভূমিকাতেই কার্যকর পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাহিম দিয়াজ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে (৯০+১ মিনিট) কিলিয়ান এমবাপ্পের করা দ্বিতীয় গোলের পেছনে ছিল তার নিখুঁত পাস। দারুণ অবস্থান নির্বাচন ও খেলার পরিস্থিতি বোঝার দক্ষতাই ওই অ্যাসিস্টে স্পষ্ট হয়ে ওঠে।

‎আগের সময়ে নিয়মিত সুযোগ না পাওয়ায় যে কঠিন সময় পার করতে হয়েছিল দিয়াজকে, সাম্প্রতিক এই পারফরম্যান্স সেটি কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। বদলি হিসেবে নেমেও এখন তিনি দলে প্রয়োজনীয় অবদান রাখতে পারছেন, যা আগামী দিনে তার আরও বেশি সময় খেলার সম্ভাবনাকে জোরালো করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত