কারখানায় আগুন, মালিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকায় একটি কারখানা থেকে কালিমুজ্জামান শরীফ ওরফে কালিম (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানায় আগুন লেগে তিনি মারা যান বলে জানা গেছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত কালিমুজ্জামানের মরদেহ ময়নাতদন্ত হবার কথা রয়েছে। 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন উল্লেখ করেন, সাঁতারকুল এলাকার ‘শরীফ এন্টারপ্রাইজ’ নামে ফোম ও ম্যাট্রিসের কারখানা মালিক কালিমুজ্জামান। কারখানায় আগুন লাগায় তিনি পুড়ে মারা গেছেন। পরবর্তীতে খবর পেয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কালিমুজ্জামানের ছোট ভাই ফাইজুল শরীফ জানান, তাদের বাড়ির বাগেরহাটের চিতলমারী উপজেলায়। বাবার নাম নাসির উদ্দিন শরীফ। তার ভাই কালিমুজ্জামান বর্তমানে সাঁতারকুল পূর্ব ভাওয়ানিয়া পাড়া মুন্সিবাড়ি রোডে থাকতেন। এলাকাতে তার সোফা ও ম্যাট্রেস তৈরির কারখানা রয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে তিনি বাসা থেকে কারখানায় গিয়েছিলেন। পরবর্তীতে রবিবার সকালে তার পাশের ফার্নিচার কারখানায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে তার কারখানায়। এতে কারখানার ভিতরেই আগুনে পুড়ে তিনি মারা যান। 

ফাইজুল আরও জানান, তার ভাইয়ের কারখানার দুই কর্মচারী কাজ করে। তবে তারা বাসা থেকে সকালে এসে কাজে যোগ দেয়। ওইদিনও তারা কারখানাতে এসে পৌঁছায়নি। তার আগেই আগুনের ঘটনা। তবে তার কারখানার গেটের বাইরে থেকে তালা দেয়া ছিল। তালাটি কীভাবে আসলো সেটি এখনো পরিষ্কার না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত