প্রচারণার শেষ দিনে লক্ষ্মীপুরে গণমিছিলে জামায়াত ও বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
মৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও জামায়াতে কর্মী আব্দুস সহিদ (৪৮) এবং বিএনপির কর্মী ওবায়দুল হক (৫০), তবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীর সঙ্গে আবদুস সহিদ মিছিলে যোগ দিতে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকে লোকজন আবদুস সহিদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিলে গিয়ে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, পৃথকভাবে দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটা মর্মান্তিক একটা বিষয়। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
