ইসি সচিব

অযথা ভোটের ফল প্রকাশে দেরি করবে না নির্বাচন কমিশন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ কোনো অবস্থাতেই অযথা দীর্ঘায়িত করা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আখতার আহমেদ বলেছেন, আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়। ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।

তিনি আরও বলেন, রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয় নাই। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর হয়েছে তাদেরই ভোটার করা হয়েছে।

ইসি সচিব বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। সাংবাদিকেরা সৎ তথ্যের ব্যবহার করবেন। তবে অপতথ্য যেন প্রচার না হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় নির্বাচন কমিশন। সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের জন্য এই মিডিয়া সেন্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত