কুষ্টিয়ায় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) নির্বাচনী এলাকার একটি ভোট কেন্দ্র থেকে ২টি সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর ৮ নং পৌর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সিসি ক্যামেরা চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয় এলাকাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালেই বিষয়টি সবাই জানতে পারে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাদের অবহিত করেছেন। ইতোমধ্যে কারিগরি টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনের প্রথম ভাগেই উক্ত খোয়া যাওয়া সিসি ক্যামেরার স্থলে নতুন করে ক্যামেরা পুন:স্থাপন করার জন্য’।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা চুরির ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করেছে পুলিশ। তবে চুরি যাওয়া ক্যামেরা দুটি এখনও পর্যন্ত উদ্ধার করা বা জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ।

উল্লেখ্য, মিরপুর-ভেড়ামারা কুষ্টিয়া-২ আসনে ৪ লাখ ৭৮ হাজার ভোটারের ভোট গ্রহণে ১শ ১৪টি ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে প্রধান দুই প্রতিদ্বন্দী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রাগীন রউফ এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জেলা জামায়াতের আমীর আব্দুল গফুরসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত